ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণ: দগ্ধ বাবার মৃত্যু, চিকিৎসাধীন তিন ছেলে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৫ মে) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর লাকিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালে আহতদের নিয়ে আসা প্রতিবেশী মো. ফারুক জানান, সকালে বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, আব্দুল কাদের ও তার তিন ছেলে আগুনে দগ্ধ হয়েছেন। পরে জানা যায়, ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও জানান, নিহত আব্দুল কাদের পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তিনি পরিবার নিয়ে কুতুবপুর লাকিবাজার এলাকায় বসবাস করতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
তিনি আরও জানান, মেহেদীর শরীরের ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
