বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী

বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকায়ও দিন দিন বায়ুদূষণ বাড়ছে। প্রায় প্রতিদিনের মতো আজও ‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে ঢাকা।
শুক্রবার (১৮ জুন) সকাল সোয় ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র্যাংকিংয়ে ঢাকার স্কোর ১৫৫। বায়ুর মান বিচারে এ মাত্রাকে অস্বাস্থ্যকর বলা হয়।
এদিকে একই সময়ে দূষিত শহরের তালিকার ১৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এরপর ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে চীনের বেইজিং। এ ছাড়া ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৪৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
