logo

পয়লা বৈশাখে রাজধানীর যেসব সড়কে চলবে না গাড়ি

পয়লা বৈশাখে রাজধানীর যেসব সড়কে চলবে না গাড়ি

বাংলা নববর্ষ (পয়লা বৈশাখ) উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা ও অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদিন ভোর থেকে রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে কেন্দ্র করে ১৪টি পয়েন্টে ডাইভারশন দেওয়া হবে। একই সঙ্গে নির্দিষ্ট কিছু সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির নিয়ন্ত্রণকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

যেসব পয়েন্ট বন্ধ থাকবে

ডিএমপি জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিচের পয়েন্টগুলোয় ডাইভারশন চলবে—

* বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও পুলিশ ভবন।

* সুগন্ধা, কাকরাইল চার্চ ও কদম ফোয়ারা।

* হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল ও রোমানা ক্রসিং।

* ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ও ভাস্কর্য ক্রসিং।

* নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।

বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা

উৎসবের দিন যানজট এড়াতে ডিএমপি কয়েকটি বিকল্প পথের কথা জানিয়েছে—

মিরপুর-ফার্মগেট অভিমুখী: এই পথের ভারী যানবাহনগুলো বাংলামোটর থেকে মগবাজার হয়ে চলাচল করবে। তবে হালকা যানবাহন ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড হয়ে যেতে পারবে।

গোলাপশাহ মাজার ও হাইকোর্ট অভিমুখী: শাহবাগমুখী যানবাহনগুলো কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

সায়েন্সল্যাব অভিমুখী: শাহবাগমুখী ভারী যানবাহন আজিমপুর-চানখাঁরপুল-বকশীবাজার হয়ে চলবে। হালকা যানবাহন কাঁটাবন থেকে হাতিরপুল অথবা নীলক্ষেত-পলাশী হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান

* নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।

* মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি গলি (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য)।

* কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত (রাস্তার পশ্চিম পাশে)।

* আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোড (উভয় পাশে)।

নগরবাসীকে এই ট্রাফিক নির্দেশনা মেনে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।