logo

পল্লবীতে হামলায় পুলিশ আহত, অভিযানে আটক ৫

পল্লবীতে হামলায় পুলিশ আহত, অভিযানে আটক ৫
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীর বাউনিয়া মৌজায় সরকারি জায়গা ও রাস্তার ধারে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ।

এ সময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের জন্য রিকুইজেশন করা চারটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৯, ব্লক-ঘ এলাকার পশ্চিমে বাউনিয়া মৌজায় উচ্ছেদ অভিযান শুরু হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিয়োজিত ম্যাজিস্ট্রেট পল্লবী থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক বস্তিবাসীদের জন্য নির্মিত ৫৩৩ ফ্ল্যাট প্রকল্পের পশ্চিম পাশে অধিগ্রহণ করা সরকারি জায়গা ও রাস্তার ধারে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছিল। বেলা পৌনে ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে চলে যান। এরপর পূর্বপ্রস্তুতি নিয়ে থাকা কিছু বস্তিবাসী উচ্ছেদ কার্যক্রমে নিয়োজিত পুলিশ, ম্যাজিস্ট্রেট ও গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ম্যাজিস্ট্রেট ও গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। এ সময় হামলাকারীরা পুলিশের জন্য আনা চারটি বাসের সামনের ও পাশের গ্লাস ভাঙচুর করে। ইটের আঘাতে ছয় থেকে সাতজন পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছে পুলিশ।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার অভিযোগে পাঁচজনকে আটক করে। এরপর পুলিশের সহায়তায় পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলতে থাকে।

ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন।