কল্যাণপুরে অবৈধ বাস কাউন্টার সিলগালা ও জরিমানা

রাজধানীর কল্যাণপুর বাস টার্মিনাল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বাস কাউন্টার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে একাধিক কাউন্টার সিলগালা ও জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর উপস্থিতিতে এ অভিযান শুরু হয়। অভিযান শুরুর আগে তিনি মাইকিং করে ৫ মিনিটের মধ্যে অবৈধ কাউন্টার সরিয়ে না নিলে সিলগালাসহ অর্থদণ্ডের ঘোষণা দেন। সময়সীমা শেষ হলে উচ্ছেদ কার্যক্রম শুরু করে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে বেশ কয়েকটি অবৈধ কাউন্টার সিলগালা করা হয় এবং সংশ্লিষ্টদের জরিমানা করা হয়। পাশাপাশি, একাধিক কাউন্টারের বিলবোর্ড বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঢাকার ভেতরে থাকা সব অবৈধ বাস কাউন্টার পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে ও টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কল্যাণপুর ও শ্যামলী এলাকায় অবস্থিত অবৈধ সব কাউন্টারই সিলগালার আওতায় আনা হবে।




