তেজগাঁও রেলগেটে ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি নিহত

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (১৯ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে তেজগাঁও রেলগেট এলাকায় রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পথচারী আব্দুর রহমান তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহমান বলেন, ‘আমি এয়ারপোর্টের দিকে তেজগাঁও রেলগেট এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পাই। আহত লোকটি আমাকে বলেন, ‘ভাই, আমাকে বাঁচান। আমি মরে যাচ্ছি, আমাকে হাসপাতালে নিয়ে যান।’
মানবিক দায়িত্ববোধ থেকে তাকে হাসপাতালে নিয়ে যান বলে জানান আব্দুর রহমান। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় সম্পর্কে তিনি কিছুই জানতে পারেননি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির নাভি বরাবর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, নিহতের পরিচয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তের ছুরিকাঘাতেই তার মৃত্যু হয়েছে।
.png)






