খিলগাঁওয়ে লিফট দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মৃত্যু

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি আবাসিক ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে আব্দুল্লাহ আল-রাইয়ান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) ভোরে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটির মা আইরিন নাহার তাকে নিয়ে সাততলা থেকে লিফটে ওঠার সময় ছয়তলায় পৌঁছে দেখেন পাশে সন্তান নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে লিফটের ফাঁকা জায়গায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় খিলগাঁও থানা একটি অপমৃত্যু মামলা করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
জানা গেছে, নিহত শিশুর গ্রামের বাড়ি রংপুর সদর জেলার জানপুর মমিনপুর এলাকায়। তার পিতা মো. দুদু মিয়া ওই ভবনের কেয়ারটেকার ও লিফটম্যান হিসেবে কাজ করেন। তারা খিলগাঁওয়ের ৮ নম্বর রোডের ব্লক-এম, ৪৬ নম্বর বাসায় থাকেন।