ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ আহত, গ্রেপ্তার ২

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ আহতের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজু আহম্মেদ কালু ওরফে কালু ওরফে হৃদয় (২৫) ও রকি ওরফে শাকিল (২৫)।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
শেরেবাংলা নগর থানা পুলিশের বরাত দিয়ে ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, বৃহস্পতিবার (১১ জুন) রাত পৌনে ১টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান সংলগ্ন গ্লাস ব্রিজ এলাকায় তিনজন ছিনতাইকারী একটি অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় জিয়া উদ্যানে কর্তব্যরত পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ সদস্যরা ধাওয়া করে জুলাই স্মৃতি জাদুঘরের গেটের সামনে পৌঁছে ছিনতাইকারীদের আটক করার সময় তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এসআই শামসুজ্জোহা সরকার এবং কনস্টেবল হৃদয় বড়ুয়া গুরুতর আহত হন। ওই সময় গুরুতর আহত অবস্থায় জড়িত দুই ছিনতাইকারীকে জনতার সহায়তায় তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে।
আহত দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অপর এক ছিনতাইকারীকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান নাসিরুদ্দিন।



