ঢাকার অনুষ্ঠান করতে ঠিকাদারদের কাছে ডোনেশন চাইল ডিএসসিসি

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩১ জুলাই থেকে সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস ২০২৬-হৃদয়ে ঢাকা’ উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে এই উৎসবের খরচ মেটাতে দেশের ব্যবসায়ীক ও শিল্প প্রতিষ্ঠান এবং সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদারদের কাছ থেকে আর্থিক সহযোগিতা বা ‘স্পনসরশিপ’ চাওয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা একটি দাপ্তরিক চিঠি ঠিকাদারদের কাছে পাঠিয়ে এই ‘ডোনেশন’ বা পৃষ্ঠপোষকতা চাওয়া হচ্ছে বলে জানা গেছে।
ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ এই চিঠিতে সই করেন।
চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ঠিকাদারদের অভ্যন্তরীণ গ্রুপগুলোতে ছড়িয়ে পড়লে এ নিয়ে খোদ নগর ভবনেই নানা গুঞ্জন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ১২ জুলাই ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) জোনায়েদ কবীর সোহাগ স্বাক্ষরিত একটি ‘সভার নোটিশ’ (স্মারক নং ৪৬.২০৭.০০০.১০.০০.২০২৬/৭৩) জারি করা হয়। চিঠির বিষয়বস্তুতে উল্লেখ রয়েছে, ‘রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ৭ দিনব্যাপী ‘ঢাকা দিবস ২০২৬-হৃদয়ে ঢাকা’ উদযাপনে সহযোগিতা ও অংশীদারিত্বের আহ্বান।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের দায়িত্বশীল শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার নিমিত্তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামের সভাপতিত্বে আজ ১৪ জুলাই বিকেল ৩টায় নগর ভবনের ‘বুড়িগঙ্গা হলে’ একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশ না করার শর্তে ডিএসসিসির প্রথম শ্রেণির একজন ঠিকাদার এশিয়া পোস্টকে বলেন, 'চিঠিটি আমাদের অনেক ঠিকাদারের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। মৌখিকভাবে বলা হয়েছে, এই বড় উৎসবে অংশীদার হতে আমাদের মোটা অঙ্কের স্পন্সরশিপ বা ডোনেশন দিতে হবে। সিটি করপোরেশনের বিল আটকে থাকা বা নতুন কাজ পাওয়ার খাতিরে আমাদের অনেকেই এখন বাধ্য হয়ে এই সভায় অংশ নিচ্ছেন এবং টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।'
আরেক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সিটি করপোরেশনের নিজস্ব বড় বাজেট থাকে এ ধরনের উৎসব করার জন্য। সেখানে সরকারি দপ্তরের প্যাডে চিঠি ইস্যু করে এভাবে বেসরকারি খাত বা ঠিকাদারদের ওপর খরচের বোঝা চাপানো কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন ওঠে। এটি একধরনের প্রচ্ছন্ন চাপ।’




