logo

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে। 

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, আওয়ামী লীগ আমলে যাদের রাজাকার হিসেবে সাব্যস্ত হয়ে ফাঁসির দণ্ড পাওয়ার কথা ছিল, তারা মুক্তি পেয়ে সংসদে এসেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা ছাত্রসমাজ মেনে নেবে না।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে জুলাই আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়েছে, যা তারা ইতিবাচক হিসেবে দেখছেন। একইসঙ্গে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগকেও সাধুবাদ জানান তিনি।

নাজমুল হাসান হুঁশিয়ারি দিয়ে বলেন, এর আগে আমরা লং মার্চ টু ঢাকা ও যমুনা ব্লকেড কর্মসূচি পালন করেছি। এবারও যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে আমরা সংসদ ভবন ঘেরাও করতে দ্বিধা করব না।

তিনি বলেন, গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে এবং শহীদদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

এ সময় জুলাইয়ের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আমরণ অনশনের প্রতি সংহতি প্রকাশ করেন নেতারা। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ রাজপথে অবস্থান করবে।