সাতসকালে ঢাকার বায়ুমানের কী পরিস্থিতি

বিশ্বজুড়ে নগরজীবনের সঙ্গে পাল্লা দিয়ে জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বাড়ছে বায়ুদূষণ, আর এর চাপ ক্রমেই তীব্র হচ্ছে জনবহুল শহরগুলোতে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একই সময়ে ২৫৩ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ২০৯, তৃতীয় অবস্থানে থাকা চীনের রাজধানী বেইজিংয়ের স্কোর ১৮৮, আর পঞ্চম অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর স্কোর ১৮১।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।