ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৭৭, মামলা ৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৫টি মামলা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও অপরাধের আলামত উদ্ধারের পাশাপাশি এক ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগে ৪২ জন, ওয়ারীতে ৯৪ জন, মতিঝিলে ৮৫ জন, তেজগাঁওয়ে ৯০ জন, মিরপুরে ১৪১ জন, গুলশানে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১ জন রয়েছেন।
অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫৩৯ পিস ইয়াবা, ১ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ৩টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

