logo

ঢাকায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশাচালক নিহত

ঢাকায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশাচালক নিহত

ঢাকার তেজগাঁও তেজতুরী বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মামুন ফরাজি নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী কাজী ফয়সাল জানান, তেজগাঁও পূর্ব তেজতুরী বাজার ওভারব্রিজের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি আহত হন। দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এদিকে, মৃতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, তার নাম মামুন ফরাজি। বাবার নাম সেকান্দার ফরাজি। বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানা পুলিশ তদন্ত করছে।