দক্ষিণ বাড্ডায় বিশেষ অভিযানে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উত্তরা সার্কেলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাড্ডা থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জহিরুল ইসলাম ওরফে শ্যাপন (৪৫) এবং জান্নাত ফেরদৌস এনি (৩২)।
অভিযানকালে তাদের কাছে থেকে মোট ৬০টি নীল রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তারা গোপনে মাদক সরবরাহ ও বিপণনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার অপচেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ বাড্ডা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, দেশব্যাপী মাদকের বিরুদ্ধ ‘জিরো টলারেন্স’ নীতিতে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান থাকবে।