logo

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চীনা নাগরিকের মৃত্যু

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চীনা নাগরিকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত চীনা নাগরিক লি চ্যাং ইয়াং (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লি চ্যাং ইয়াংয়ের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহতের মাথা ও ডান পায়ে গুরুতর আঘাত লাগে। তার মাথার খুলির হাড় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

নিহতের সহকর্মী রুহুল আমিন জানান, লি চ্যাং ইয়াং নরসিংদীর মাধবদী এলাকার বাগানবাড়ীতে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ২৭ মে স্কুটি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে রূপগঞ্জের উত্তর ৩০০ ফিট এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।