Advertisement

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, তদন্তের দাবি

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, তদন্তের দাবি
সংবাদ সম্মেলনে কথা বলছেন খোরশেদ আলম সোহেলের স্ত্রী সাংবাদিক তারিন আক্তার। শুক্রবার রাজধানীর ক্র্যাব মিলনায়তনে। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে ব্যবসায়ী খোরশেদ আলম সোহেলের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সাংবাদিক তারিন আক্তার। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।

লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে তারিন আক্তার বলেন, গত ২৬ জুলাই বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় বাসার সামনে অবস্থানকালে তার স্বামী খোরশেদ আলম সোহেলের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। তার অভিযোগ, স্থানীয় রতন, খোকন, মাসুম, কাউসার, হাবিব, রাফিসহ আরও কয়েকজন লোহার রড, পাইপ, ইট, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও প্রাণনাশের হুমকি দেয় বলে দাবি করা হয়।

তিনি জানান, আহত সোহেলকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে দুটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে তারিন আক্তার আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, কিশোর গ্যাং পরিচালনা ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার দাবি, অবৈধ দাবি না মানায় তার স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ‘মবের নাটক’ সাজিয়ে এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, হামলার পুরো ঘটনাটি আশপাশের সিসি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজ সংরক্ষণ, ফরেনসিক পরীক্ষা এবং প্রয়োজনে তা প্রকাশ করলে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটিত হবে। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।