মেডিকেল ছাত্রীর মোবাইল নিয়ে চম্পট, ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরলেন র‌্যাব সদস্য

এশিয়া পোস্ট প্রতিবেদক
মেডিকেল ছাত্রীর মোবাইল নিয়ে চম্পট, ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরলেন র‌্যাব সদস্য
প্রতীকী ছবি।

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের পাশে ছিনতাইয়ের শিকার হওয়া এক মেডিকেল ছাত্রীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসময় এক ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইয়ের এ অপচেষ্টার ঘটনা ঘটে। এসময় একজনকে আটক করা হলেও দুজন ছিনতাইকারী পালিয়ে যায়।

এ বিষয়ে র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, সন্ধ্যায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের ছাত্রী রাজিয়া ইসলাম মোবাইল ফোনে কথা বলতে বলতে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিন সদস্যের একটি ছিনতাইকারী দল তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

তিনি জানান, ঘটনাস্থলে গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত র‍্যাব-২-এর এক সদস্য বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক ধাওয়া করেন। এক পর্যায়ে তিনি মূল ছিনতাইকারীকে আটক করেন এবং তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন। তবে অপর দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

মেজর তাপস বলেন, ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী ও উপস্থিত সাধারণ মানুষ র‍্যাব সদস্যের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং বাহিনীর প্রতি তাদের আস্থার কথা জানান।

র‍্যাব-২ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে তারা আগামীতেও একইভাবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।