ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে উজ্জল মিয়া নামের ৩২ বছর বয়সি এক হাজতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উজ্জল মিয়া। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত উজ্জল মিয়া কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। উজ্জল মিয়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগার কাপুরিয়া এলাকার শামসুল হকের ছেলে। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ কোনো তথ্য জানাতে পারেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



