logo
Advertisement

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন রাব্বী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন শম্পা আক্তার জানান, রাব্বী পেশায় একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার সময় ভাটারার বসুন্ধরা ইউনাইটেড হাসপাতালের সামনে ১০০ ফিট এলাকায় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা প্রথমে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাব্বীর বাড়ি মহাখালীর মধ্যপাড়া এলাকায়। তিনি শাহজাহান গাজীর ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে রাব্বী ছিলেন একমাত্র ভাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।