Advertisement

সায়েদাবাদ বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান, অবৈধ ১৬ দোকান অপসারণ

এশিয়া পোস্ট প্রতিবেদক
সায়েদাবাদ বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান, অবৈধ ১৬ দোকান অপসারণ
সোমবার সায়েদাবাদ বাস টার্মিনালে অবৈধভাবে স্থাপিত দোকান ও গাড়ি মেরামতের স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে অবৈধভাবে স্থাপিত দোকান ও গাড়ি মেরামতের স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে মোট ১৬টি অবৈধ দোকান অপসারণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক পুলিশ জানায়, সায়েদাবাদ বাস টার্মিনালের প্রধান প্রবেশপথ এবং ভেতরের অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান ও গাড়ি মেরামতের স্থাপনা গড়ে উঠেছে। অভিযানের মাধ্যমে টার্মিনালের গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলমুক্ত করে জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা হবে। একই সঙ্গে জনভোগান্তি কমাতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও চলবে।