কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থাতেই হামলাকারীকে মারধর

রাজধানীর কারওয়ান বাজারে ছুরিকাঘাতে আহতের পরও হামলাকারীকে ধরে মারধর করতে দেখা গেছে। তবে প্রাথমিকভাবে ভুক্তভোগী ও হামলাকারীর নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের সময় ওই পথচারীকে ছুরিকাহত হন। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। তবে আহত অবস্থাতেই তিনি হামলাকারীকে ধরে মারধর করতে থাকেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
ওই ঘটনার সময়ে মোবাইলে ধারণকৃত এক ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় একজন ব্যক্তি অন্য একজনকে মারধর করছেন। যিনি মারধর করছেন তার শরীর রক্তে ভেজা, পিঠে ছুরিকাঘাত ও জামা ছিঁড়ে গেছে। পাশে থাকা আরও ২-৩ ব্যক্তি ছিনতাইকারী বলে হামলাকারীকে মারধর করতে থাকেন।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ছিনতাইকারী বলব না, যাকে মারধর করা হয়েছে সে মাদকসেবী। এ ঘটনায় ওই মাদকসেবীকে আটক করেছি। ভুক্তভোগীকে (আহত) হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কথার কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়েছে। এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
