logo

বিমানবন্দরে আনসার ও যাত্রীদের ধস্তাধস্তি, নেপথ্যে এক্সিট গেট দিয়ে প্রবেশে বাধা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বিমানবন্দরে আনসার ও যাত্রীদের ধস্তাধস্তি, নেপথ্যে এক্সিট গেট দিয়ে প্রবেশে বাধা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে কয়েকজনের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনার একটি খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটির পুরো প্রেক্ষাপট সামনে এসেছে।

ঘটনার সময়ে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, হাতাহাতির আগে নির্ধারিত এক্সিট গেট দিয়ে প্রবেশের চেষ্টা এবং তা ঠেকানোকে কেন্দ্র করে পরিস্থিতির সূত্রপাত হয়।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে ক্যানোপি-২ দিয়ে একজন আগমনী যাত্রী বের হওয়ার সময় তাকে গ্রহণ করতে আসা এক পুরুষ সহযাত্রী নির্ধারিত এক্সিট গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্য তাকে ভেতরে প্রবেশ না করার অনুরোধ করেন এবং বাধা দেন।

তবে ওই ব্যক্তি একাধিকবার ভেতরে প্রবেশের চেষ্টা করলে আরও একজন আনসার সদস্য তাকে নিবৃত্ত করতে এগিয়ে আসেন। একপর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তি ভারসাম্য হারিয়ে পড়ে যান। পরে তার সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা ঘটনাস্থলে এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আনসার সদস্যদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার এই শেষ অংশই সেখানে থাকা একজন ব্যক্তি মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ওই ভিডিওতে ঘটনার শুরুর অংশ না থাকায় পুরো পরিস্থিতির প্রেক্ষাপট স্পষ্ট হয়নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার শুরুতে নিরাপত্তাকর্মীরা নির্ধারিত প্রবেশ ও বহির্গমন ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেন। এক্সিট গেট দিয়ে প্রবেশের চেষ্টা ঠেকাতে তারা সংশ্লিষ্ট ব্যক্তিকে একাধিকবার নিবৃত্ত করেন। পরে তার পড়ে যাওয়ার পর সঙ্গে থাকা অন্যদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কির সূত্রপাত হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউসার মাহমুদ জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রী চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে নির্ধারিত প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা অনুসরণ করা জরুরি। যাত্রীকে গ্রহণ করতে আসা স্বজন ও দর্শনার্থীদেরও এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে কোনো ঘটনার আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটিকে সম্পূর্ণ ঘটনার প্রতিচ্ছবি হিসেবে ধরে নেওয়ার আগে সংশ্লিষ্ট ঘটনার পূর্ণ প্রেক্ষাপট যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। খণ্ডিত ভিডিও বা যাচাইহীন তথ্য থেকে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন বিপুলসংখ্যক দেশি-বিদেশি যাত্রী, স্বজন, দর্শনার্থী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীর চলাচল রয়েছে। তাই নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পাশাপাশি বিমানবন্দর ব্যবহারকারীদেরও নির্ধারিত নিয়ম মেনে চলা এবং সহযোগিতামূলক আচরণ করা প্রয়োজন।