logo

পল্লবীতে পুলিশের চেকপোস্টে পিস্তল-গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

পল্লবীতে পুলিশের চেকপোস্টে পিস্তল-গুলিসহ ২ যুবক গ্রেপ্তার
পুলিশের হাতে গ্রেপ্তার মশিউল আজম অরিন ও শান্ত ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর পল্লবীতে পুলিশের চেকপোস্টে পালানোর চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন, মশিউল আজম অরিন ও শান্ত ইসলাম।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

হাসান মোহাম্মদ জানান, চেকপোস্টে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে আরোহীরা তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় মশিউল আজম অরিনের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, ২০২৫ সালের ২৮ মে মশিউল আজম অরিনের কাছ থেকে ডিবির মিরপুর বিভাগ একটি অস্ত্র জব্দ করেছিল। ওই ঘটনায় পল্লবী থানায় ২০২৫ সালের ২৫ মে অস্ত্র আইনে একটি মামলা হয়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানা, পল্লবী থানাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।

অন্যদিকে, শান্ত ইসলামের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।