Advertisement

৫ আগস্ট ঘিরে নাশকতার তথ্য নেই, সতর্ক অবস্থানে পুলিশ: ডিবিপ্রধান

এশিয়া পোস্ট প্রতিবেদক
৫ আগস্ট ঘিরে নাশকতার তথ্য নেই, সতর্ক অবস্থানে পুলিশ: ডিবিপ্রধান
ব্রিফিং করছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তবে দিনটিকে ঘিরে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং রাজধানীর সব কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, এখন পর্যন্ত ৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবে দিনটি গুরুত্বপূর্ণ হওয়ায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে যেসব কর্মসূচি অনুষ্ঠিত হবে, সেগুলোকে কেন্দ্র করেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। ভিন্নমতের কারণে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে। তবে এসব ঘটনাকে নাশকতার সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে তিনি জানান, ঘটনাগুলোর তদন্ত করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়াতদন্ত চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া কিংবা বাংলাদেশকে জঙ্গিবাদসংশ্লিষ্ট রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা থাকতে পারে। আমরা বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

মেট্রোরেল স্টেশনে সম্প্রতি উদ্ধার হওয়া সন্দেহজনক বস্তু প্রসঙ্গে ডিবিপ্রধান বলেন, শেষ যে ঘটনাটি ঘটেছে, সেখানে বিস্ফোরকজাতীয় কোনো বস্তু পাওয়া যায়নি। সেটি ছিল পান-জর্দার একটি কৌটা। কিন্তু বিষয়টি অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে, যা জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি করেছে।

রাজধানীবাসীকে আশ্বস্ত করে মো. শফিকুল ইসলাম বলেন, ঢাকা মহানগর পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।