ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ দোকান দেখতে যাচ্ছেন ডিএসসিসি প্রশাসক

গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে সিলগালা ভেঙে পার্কিং এলাকায় সহস্রাধিক অবৈধ দোকান গড়ে তোলার বিষয়ে এশিয়া পোস্ট-এ সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
প্রতিবেদনটি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে মার্কেটের অবস্থা দেখতে নিজেই আজ মঙ্গলবার (৩১ মার্চ) সরেজমিনে পরিদর্শনে যাচ্ছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম ।
ডিএসসিসি'র জনসংযোগ কর্মকর্তা মো: রাসেল রহমান এশিয়া পোস্টকে বলেন ফুলবাড়িয়া সুপার মার্কেটের অবৈধ দোকান নির্মাণ দেখতে প্রশাসক মহাদয় আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যাবেন।
এর আগে গতকাল সোমবার (৩০ মার্চ) এশিয়া পোস্টে "গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেট: সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান" শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটিতে মার্কেটের বেজমেন্টে করপোরেশনের ম্যাজিস্ট্রেটের সিলগালা ভেঙে প্রভাবশালী সিন্ডিকেট কিভাবে দুই মাসের মধ্যেই প্রায় ১ হাজার দোকান নির্মাণ করে ১০০ শত কোটি টাকার হরিলুট করছে সেই তথ্য প্রকাশ করা হয়।
সংবাদটি প্রকাশের পর ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সামাদ উক্ত সংবাদ প্রতিবেদনের ওপর হাতে লেখা একটি নির্দেশনা প্রদান করেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, ফুলবাড়িয়া মার্কেটের আন্ডারগ্রাউন্ড পার্কিং ও ফাঁকা জায়গায় অবৈধ দোকানের কারণে মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ক্রেতা-বিক্রেতাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। ইতিপূর্বে ২০২০ সালে সিটি কর্পোরেশন এসব দোকান অভিযান চালিয়ে ভেঙে ফেলে। জুলাই গণ-অভ্যুত্থানের পর ফের পুরনো সিন্ডিকেট প্রভাবশালীদের মদদে পুনরায় সেখানে মার্কেট নির্মাণ শুরু করে।
এদিকে, ডিএসসিসি প্রশাসকের এই কঠোর নির্দেশনার পর এখন অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু হবে বলে আশা করছেন সাধারণ ব্যবসায়ীরা।