বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা: ১২ জনের কারাদণ্ড ও জরিমানা

বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর টেকনিক্যাল মোড়স্থ বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (বিকেটিটিসি) সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৪ (এসআরবি-৪) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
পরে সেখানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ সাজা তিন মাস এবং সর্বনিম্ন সাত দিন। এ ছাড়া অর্থদণ্ডপ্রাপ্ত পাঁচজনকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা: পটুয়াখালীর সবুজ ও সিরাজগঞ্জের শামীমকে ৩ মাস করে; সিরাজগঞ্জের সুজনকে ১ মাস; পাবনার শাহিনকে ২১ দিন; কিশোরগঞ্জের আবুল বাশারকে ১৫ দিন এবং ভোলার হারুন ও শরীয়তপুরের সুরুজ মিয়াকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্তরা: কিশোরগঞ্জের দুর্জয়কে ১০ হাজার, রংপুরের রেজাউল করিমকে ৫ হাজার, কিশোরগঞ্জের কাইয়ুমকে ৪ হাজার, ভোলার রিয়াজকে ২ হাজার এবং একই জেলার কামরুন নাহারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দালাল চক্রের কার্যক্রমের ওপর ছায়াতদন্ত চালানো হয়। তদন্তে বিদেশে চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের সত্যতা মেলে।
প্রাথমিক তদন্তে জানা যায়, চক্রটি বিদেশে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে ৪০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আত্মসাৎ করেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করানো এবং বিদেশে পাঠানোর নিশ্চয়তা দিয়ে প্রার্থীদের কাছ থেকে এই অর্থ নেওয়া হতো।
এসআরবি-৪ এর অধিনায়ক আরও জানান, বিকেটিটিসি বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করলেও নিজে বিদেশে কর্মী পাঠায় না। অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বোয়েসেল সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় কর্মী নিয়োগ করে এবং এর জন্য কোনো ফি নেওয়া হয় না। এই সুযোগকে কাজে লাগিয়েই প্রতারক চক্র সাধারণ চাকরিপ্রত্যাশীদের ফাঁদে ফেলছিল।
বিদেশগামী চাকরিপ্রত্যাশীদের সতর্ক করে তিনি বলেন, বিদেশে চাকরি বা ভিসার নাম করে কেউ টাকা চাইলে তা যাচাই না করে যেন লেনদেন করা না হয়। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও অনুমোদিত সংস্থার মাধ্যমে তথ্য যাচাই এবং প্রতারণার শিকার হলে অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়। প্রতারণা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এমন চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৪।
