বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ কেজি ১২০ গ্রাম কুশসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আবদুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫)।
ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা দুই ভারতীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে তাদের ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি, তিনটি স্মার্টফোন ও দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে।
ডিএনসি জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মামলাটি করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।



