সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

সাবেক এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন শায়লা ফারজানা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি এই অভিযান পরিচালনা করেছে বলে সূত্র জানিয়েছে।
আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার স্বামী মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান। মনিরুলকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জানা গেছে, জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেছে এই পুলিশ কর্মকর্তা।
এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।
এদিকে গত ২৬ অক্টোবর মনিরুল ইসলাম, তার স্ত্রী শায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
দুদকের অনুসন্ধানে তাদের পরিবারের সদস্যদের নামে প্রায় ৩৮ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য উঠে আসে। পাশাপাশি বিভিন্ন ব্যাংক হিসাবে হাজার কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগও সামনে আসে।


