logo

জনতার হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

জনতার হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সামনে জনতার হাতে আটক হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম। পরে স্থানীয়দের সহায়তায় তাকে শাহ আলী থানায় নিয়ে যায় পুলিশ।

সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরার পর থেকেই আর এস ফাহিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্ক তৈরি হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন একাধিক ব্যক্তি ও সংগঠন। এ পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের দাবিতে অনলাইনে সরব হয়ে ওঠে একটি অংশ।

রোববার (২৯ মার্চ) বিকেলে মিরপুর চিড়িয়াখানার সামনে গেলে স্থানীয় জনতা তাকে শনাক্ত করে। একপর্যায়ে তাকে ঘিরে ফেলে এবং সেখানেই আটকে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শাহ আলী থানা পুলিশ। পরে জনতার কাছ থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে তাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জুলাই মাসে দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলার তথ্য আমরা পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে ঘটনার পরপরই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে দাবি করা হয়, তাদের সংগঠন এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে আর এস ফাহিমকে আটক করে শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে। 

ঘটনাটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল ব্যবহারকারী এটিকে ‘জনতার ন্যায়বিচার’ হিসেবে উল্লেখ করলেও অন্যরা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।