দেড় কোটি টাকা খরচের পরও পার্কিংয়ের দখলে গুলিস্তানের মুক্তাঙ্গন

রাজধানীর মুক্তাঙ্গনে প্রায় দেড় কোটি টাকা ব্যয় করেও আধুনিক জনপরিসর গড়ে তুলতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উন্নয়নকাজ অর্ধসমাপ্ত রাখায় থমকে আছে প্রকল্প। আর এই সুযোগে পার্কের জন্য নির্ধারিত জায়গাটি আবারও ব্যক্তিগত গাড়ির পার্কিংয়ে পরিণত হয়েছে।
গুলিস্তান জিরো পয়েন্ট থেকে পুরানা পল্টনের দিকে হাঁটলে রাস্তার পাশেই মুক্তাঙ্গন। আশির দশকের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের সাক্ষী এই স্থান একসময় ছিল সভা-সমাবেশের পরিচিত ঠিকানা। তবে পরবর্তী সময়ে এটি পরিণত হয় ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের জায়গায়।
পরিকল্পনায় যা ছিল
২০২১ সালে মুক্তাঙ্গন দখলমুক্ত করে আধুনিক জনপরিসর গড়ে তোলার উদ্যোগ নেয় ডিএসসিসি। মোট বরাদ্দ ছিল ২ কোটি ৮১ লাখ টাকা।
পরিকল্পনায় ছিল শিশুদের পার্ক, বাস্কেটবল কোর্ট, ক্রিকেট পিচ, হাঁটার পথ, সবুজায়ন, সীমানা দেয়াল, দুটি নান্দনিক প্রবেশদ্বার, গ্যালারি, ডিজিটাল বিলবোর্ড, ড্রেনেজ ব্যবস্থা ও বৈদ্যুতিক আলোকসজ্জা।
একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনও (এসটিএস) নির্মাণের পরিকল্পনা করা হয়।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বাস্কেটবল কোর্ট, সামনের বাউন্ডারি, রক্ষণাবেক্ষণ কক্ষ, ড্রেন ও স্ল্যাব, বৈদ্যুতিক খুঁটি, একটি পূর্ণ ফটক এবং আরেকটি ফটকের আংশিক কাজ শেষ হয়েছে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় প্রথম ঠিকাদারের চুক্তি বাতিল করে ২০২৩ সালের শেষ দিকে নতুন ঠিকাদার নিয়োগ দেয় সিটি করপোরেশন।
ডিএসসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী জহির আহমেদ এশিয়া পোস্টকে বলেন, ‘প্রথম ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। পরে নতুন ঠিকাদার কাজ শুরু করে এবং অর্ধেকের বেশি কাজ সম্পন্ন করেছিল।’
আদালতে রিট
জুলাই অভ্যুত্থানের পর স্থানীয় একটি পক্ষ মুক্তাঙ্গনে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ও অন্যান্য স্থাপনা নির্মাণের বিরোধিতা শুরু করে। এলাকাবাসীর পক্ষে জামাল উদ্দিন নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করেন।
২০২৫ সালের ২০ এপ্রিল বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসককে ৬০ দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তির নির্দেশ দেন।
ডিএসসিসির আইন কর্মকর্তা মো. তারিন ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ‘একটি পক্ষ সেখানে এসটিএসসহ কোনো ধরনের স্থাপনা নির্মাণের বিরোধিতা করে আদালতে রিট করে। আদালত মীমাংসার নির্দেশ দিলে গত বছর আমরা সব পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করেছি।’ তবে এরপরও ওই প্রকল্পের কাজ আর শুরু হয়নি।
নির্বাহী প্রকৌশলী জহির আহমেদ বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর একটি পক্ষ সেখানে স্থাপনা নির্মাণের বিরোধিতা করে আদালতে রিট করে। তখন থেকেই কাজ বন্ধ রয়েছে। পরে কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত বছর দ্বিতীয় ঠিকাদারের সঙ্গেও চুক্তি বাতিল করা হয়।’
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বাস্কেটবল কোর্ট, ওয়াকওয়ে, ড্রেন, বৈদ্যুতিক খুঁটি ও একটি প্রবেশদ্বার নির্মিত হলেও দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বিভিন্ন স্থাপনার অংশ ভেঙে পড়েছে। বৈদ্যুতিক খুঁটির কিছু যন্ত্রাংশও নেই। শিশুদের খেলাধুলা ও মানুষের অবসর কাটানোর জন্য নির্মিতব্য পার্কের জায়গায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে ব্যক্তিগত গাড়ি।
.png)






