ঢাকায় চিকিৎসা করাতে এসে আইল্যান্ডে পড়ে প্রাণ গেল নারীর

রাজধানীর কুড়িল বিশ্বরোড মোড় এলাকায় পা পিছলে সড়কের আইল্যান্ডের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মিজানা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের ভগ্নিপতি মোহাম্মদ মানিক মিয়া।
মানিক মিয়া জানান, শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে মিজানা বেগম তার মেয়ে রিয়াকে সঙ্গে নিয়ে ঢাকায় তাদের বাসায় আসেন। বৃহস্পতিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাওয়ার জন্য তারা কুড়িল বিশ্বরোড মোড়ে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল আসতে দেখে মিজানা কিছুটা পেছনে সরে দাঁড়ান। তখন হঠাৎ পা পিছলে তিনি আইল্যান্ডের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিজানা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মোরশেদ আলীর মেয়ে এবং মোহাম্মদ আলীর স্ত্রী। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। তার স্বামী গ্রামের বাড়িতে কৃষিকাজ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।