রাজধানীর আবাসিক হোটেলের বাথরুম থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানাধীন গ্রীন রোডের একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নূরী (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কলাবাগানের গ্রিন রোড আবাসিক রুপসা ইন্টারন্যাশনাল হোটেলের চতুর্থ তলা ৪১৮ নম্বর কক্ষের বাথরুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, গত রোববার (১৯ এপ্রিল) রাতে রুপসা হোটেলের ৪১৮ নম্বর রুমে ভাড়া নেন তিনি। পরীক্ষা দেওয়ার জন্য গ্রাম থেকে ঢাকায় এসেছেন বলে জানতে পেরেছি। তিনি হোটেল থেকে বের হতেন না এবং সবসময় দরজা-জানালা আটকে রাখতেন।
ওসি আরও জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে হোটেল কর্তৃপক্ষ ভাড়ার জন্য ডাকতে গেলে দরজায় নক করে কোনো সাড়াশব্দ না পেয়ে পরে বিকল্প চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে দেখতে পান, ওই নারী বাথরুমে মৃত অবস্থায় পড়ে আছেন। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় ফোন দিলে হোটেল রুমটি থেকে ঘুমের ওষুধসহ বেশ কিছু ওষুধপত্র উদ্ধার করি।
ওসি বলেন, ধারণা করছি, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। মনয়াতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। মরদহ মনয়াতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশরগঞ্জ উপজেলার গাবর গোয়ালী গ্রামে। তিনি ওই গ্রামের নুর নবী ও শামীমা আক্তারের মেয়ে।