ফিনিক্স রোডের নাম এখন ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’

রাজধানীর বঙ্গবাজার মোড় হতে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ৫৩০ মিটার দৈর্ঘ্যের সড়কটির পূর্বের নাম ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’ পুনর্বহাল করা হয়েছে। আওয়ামী সরকারের সময় এই সড়কের নাম ‘ফিনিক্স রোড’ রাখা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম রোববার (২৬ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে সড়কের নামফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ। তার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সড়কের নামকরণ করা হয়েছে। এমন একজন পীর-বুজুর্গ ব্যক্তিত্বের স্মরণে এই নামকরণ করতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
আবদুস সালাম আরও জানান, স্থানীয় ধর্মীয় নেতাদের অনুরোধ ও জনদাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি ও দিকনির্দেশনায় এই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হয়েছে।
সড়ক উদ্বোধনের পাশাপাশি প্রশাসক জনস্বাস্থ্য ইস্যুতে গুরুত্বারোপ করে তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে। অ্যাডিস মশা যেহেতু পরিষ্কার পানিতে জন্মায়, তাই জনগণের সচেতনতা এখানে সবচেয়ে জরুরি। আমি নগরবাসীকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখুন যাতে কোথাও পানি জমে না থাকে।
মশক নিধন কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও জানান, কার্যকর কীটনাশক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে নতুন ফগার মেশিন সংগ্রহের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে বর্তমান প্রশাসন জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।