দক্ষিণখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল শটগান ও হাতকড়া

রাজধানীর দক্ষিণখানে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আক্তার হোসেন।
আক্রার হোসেন জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণখান থানার মুন্সী মার্কেট ঝিলপাড় এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একটি শর্টগান ও পুলিশের লোগোযুক্ত চাবিসহ এক জোড়া হাতকড়া জব্দ করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এদিকে, রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে ককটেলসহ মো. আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
দাউদ হোসেন বলেন, ‘শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০-২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়।’
ওসি বলেন, ‘পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিলে অংশ নেওয়া আরাফাত ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’


