বায়ুদূষণে শীর্ষে লাহোর, তালিকায় ঢাকা পঞ্চম

বিশ্বের বিভিন্ন শহরের আজকের (রোববার) বায়ুমান সূচক অনুযায়ী বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পঞ্চম স্থানে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রকাশিত সূচকে দেখা যায়, লাহোরের বায়ুমান সূচক ৩৩৭, যা অত্যন্ত বিপজ্জনক মাত্রা হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির সূচক ২০৬, যা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
তৃতীয় স্থানে ভারতের কলকাতা, সেখানে সূচক ১৮৪। চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ, যার সূচক ১৭৯।
বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান সূচক ১৭৮, যা অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এ মাত্রার বায়ুদূষণ শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, যার সূচক ১৭৪। সপ্তম অবস্থানে দক্ষিণ কোরিয়ার সিউল, যার সূচক ১৭২। অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে বাহরাইনের মানামা ও নেপালের কাঠমান্ডু— দুই শহরের সূচকই ১৬৫। দশম স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যার সূচক ১৬৪।
বায়ুমান সূচকের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ১৫১ থেকে ২০০ এর মধ্যে সূচক হলে তা অস্বাস্থ্যকর ধরা হয়। ২০০ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর ও ৩০০-এর ওপরে গেলে তা অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতিতে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণ, যানবাহনের ধোঁয়া কমানো এবং নির্মাণকাজে সতর্কতা অবলম্বনের ওপর জোর দেওয়া হয়েছে।