logo

রাজধানীর হোটেল আমারিতে পারমিট ছাড়াই মদ্যপান, কিংফিশার বারে মিলল অবৈধ মদ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীর হোটেল আমারিতে পারমিট ছাড়াই মদ্যপান, কিংফিশার বারে মিলল অবৈধ মদ
হোটেল আমারিতে পারমিটবিহীন অবস্থায় মদ্যপানরত সাতজনকে পাওয়া যায়। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর পাঁচ তারকা হোটেল আমারি এবং কিংফিশার ও ব্লিজ আর্ট বারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের নিয়মিত অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানগুলোর বার পরিচালনার ক্ষেত্রে লাইসেন্সের শর্ত প্রতিপালন ও আইনগত বৈধতা যাচাই করা হয়।

অভিযানে হোটেল আমারিতে পারমিটবিহীন অবস্থায় মদ্যপানরত সাতজনকে পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, কিংফিশার বারে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার কেরু বিলাতী মদ পাওয়া যায়। এ ঘটনায়ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ছাড়া ব্লিজ আর্ট বারে অভিযানকালে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সম্ভাব্য অনিয়ম অধিকতর যাচাইয়ের জন্য সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে অভিযানকারী দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ধারা ১৫(১) অনুযায়ী প্রযোজ্য আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, লাইসেন্সের শর্ত যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে রাজধানীর বিভিন্ন বার ও প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।