ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন থানায় ৪২টি মামলা করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৫২, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৬২, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১২৩, গুলশানে ৪০ এবং উত্তরা বিভাগে ২৫ জন রয়েছেন।
অভিযানকালে ১৫টি মোবাইল ফোন, একটি রিয়ার সাইড পিলার কভার, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সেলাই রেঞ্জ ও নগদ ৩ হাজার ৩০৫ টাকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের কাছ থেকে একজন ভিকটিমকেও উদ্ধার করে পুলিশ।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত নিয়মিত অপরাধ প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানে আইন ভঙ্গকারী ও চিহ্নিত অপরাধীদের মালামালসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
