Advertisement

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলা

এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলা
ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের সংসদ এমপির ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) উত্তরখানের রাজাবাড়ি এলাকায় ডিএনসিসির এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, অঞ্চল-৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এলাকার এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর সকালে নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এতে অন্তত ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হওয়ায় উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, এ ঘটনার পর দুপুরে পরিস্থিতি পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় গার্মেন্টস মালিকপক্ষ পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পুনরায় দুর্ব্যবহার করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা প্রশাসক ও সংসদ সদস্যের উপস্থিতিতে অতর্কিত হামলা চালায়।

জাকির হোসেন বলেন, হামলায় কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ গার্মেন্টস মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান পরিচালনা করে।

ঘটনার পর ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় প্রশাসক বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে হামলার বিষয়ে জানতে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগকে একাধিকবার ফোন করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।