logo
Advertisement

শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

এশিয়া পোস্ট প্রতিবেদক
শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলা থেকে বিমানবাহিনীর একটি পিকঅ্যাপ ভ্যান নিচে পড়ে যায়। এতে বিমানবাহিনীর তিনজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

নিহতরা হলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।

আহত চারজন হলেন, করপোরাল সিফাত আবু সাঈদ, করপোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল খায়ের।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে থার্ড টার্মিনালের র‍্যাম্পের দোতলা থেকে পিকআপটি র‍্যাম্পের নিরাপত্তা দেয়াল ভেঙে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর থার্ড টার্মিনালের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমানবাহিনীর অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।

আহতদের উদ্ধার করে দ্রুত সিএমএইচে পাঠানো হয়। তাদের চিকিৎসা চলছে। তবে দুর্ঘটনার পরপরই আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এশিয়া পোস্টকে বলেন, বিমানবন্দর সড়ক দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাইনি।