মেয়ের বিয়ের দিন ঠিক করতে ঢাকায় এসে বাবার রহস্যজনক মৃত্যু

মেয়ের বিয়ের দিন চূড়ান্ত করতে জমি বিক্রির টাকা নিয়ে জামালপুর থেকে ঢাকায় আসেন মো. ইসমাইল হোসেন (৫০)। ঢাকায় আসার পর তার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা, দুটি মোবাইল ও একটি বাজারের ব্যাগ নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বনানী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসমাইল হোসেন জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
তথ্যটি নিশ্চিত করে নিহতের ছেলে হাসান জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তার বাবা ফোন করে জানান, সকালে ঢাকায় পৌঁছাবেন। প্রথমে তার গাজীপুরের জিরানীতে যাওয়ার কথা ছিল। সকালে সেখানে গিয়ে একাধিকবার ফোন করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে বনানী থানা থেকে গ্রামের পুলিশ ফাঁড়ির মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।
হাসান বলেন, ‘মরদেহ উদ্ধারের সময় তার বাবার পরনে শুধু শার্ট ও লুঙ্গি ছিল। তবে সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন এবং বাজারের ব্যাগ পাওয়া যায়নি।’
তিনি জানান, ছোট মেয়ে শারমিনের বিয়ের কথাবার্তা চূড়ান্ত করতেই বাবা ঢাকায় এসেছিলেন। বিয়ের খরচ জোগাতে সম্প্রতি তিনি ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেন। ওই টাকা থেকে ২ লাখ টাকা ঋণ পরিশোধ এবং ঘর নির্মাণে কিছু খরচ করার পর অবশিষ্ট ৫ লাখ টাকা নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন।
তিনি আরও জানান, তার বাবা ডেল্টা স্পিনিং মিলে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ৯ মাস আগে অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেন। এরপর পাঁচ মাস গাজীপুরের কাশিমপুরে পরিবারের সঙ্গে বসবাস করে চার মাস আগে গ্রামের বাড়িতে ফিরে যান।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড, নাকি মলম পার্টি বা অজ্ঞান পার্টির কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, তা তদন্ত করে দেখা হচ্ছে।



