এইচএসসি পরীক্ষা উপলক্ষে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এইচএসসি পরীক্ষা উপলক্ষে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা
ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নির্বিঘ্ন এবং যানজটমুক্ত পরিবেশে সম্পন্ন করতে রাজধানীবাসীর প্রতি বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Advertisement

সোমবার (২৯ জুন) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর ৩৩৯টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করা এবং রাজধানীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে নগরবাসী ও যানবাহন চালকদের কয়েকটি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে হবে। যারা ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রে যাবেন, তারা কেন্দ্রের মূল ফটকের সামনে না নেমে নিকটবর্তী অপেক্ষাকৃত কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করবেন। পরীক্ষা শেষে একইভাবে কেন্দ্র থেকে কিছুটা দূরে গিয়ে গাড়িতে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া কোনো যানবাহনকে পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়কে পার্কিং করে রাখা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, অভিভাবকদের সড়কে অবস্থান করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ।

ডিএমপি আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পরীক্ষা চলাকালে প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত পরীক্ষার্থী ব্যতীত অন্য যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়কসমূহ যথাসম্ভব এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে, যাতে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা সম্ভব হয়।