রাজধানীতে অটোরিকশার ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

রাজধানীর শ্যামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দিনা বেগম (৩৪) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত ১টার দিকে শ্যামপুর থানাধীন হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারী শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনা বেগমকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শহিদুল ইসলাম জানান, অফিস শেষে বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত দিনা বেগম নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পুলিশ লাইন তাগারপাড় এলাকার বাসিন্দা এবং তিনি আব্দুল কাদেরের মেয়ে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।



