Advertisement

ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি মোল্লা বশির গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি মোল্লা বশির গ্রেপ্তার
মুহাম্মদ ওয়াসি আলম ওরফে মোল্লা বশির। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি মুহাম্মদ ওয়াসি আলম ওরফে মোল্লা বশিরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও মেট্রোরেল গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোল্লা বশির দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয়ে আত্মগোপনে ছিলেন ও ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করতেন।

ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি মোহাম্মদপুর থানা ওলামা লীগের সহ-সভাপতি, ৩২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এবং সেক্টর-৫ জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান হিসেবে পরিচিত।

তার বিরুদ্ধে মোহাম্মদপুর, বনানী ও ভাটারা থানায় দায়ের করা সাতটি মামলায় আসামি হিসেবে নাম রয়েছে। এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মোল্লা বশিরের বাবা মৃত মোহাম্মদ মাকসুদ। তিনি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ৫ নম্বর সেক্টরের বাসিন্দা। আইনগত ব্যবস্থা নিতে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।