logo

মোটরসাইকেলে এসে গার্মেন্টস ব্যসায়ীর বাড়িতে গুলি

মোটরসাইকেলে এসে গার্মেন্টস ব্যসায়ীর বাড়িতে গুলি
মোটরসাইকেলে এসে বাড়ির গেটে গুলি চালায় দুর্বৃত্তরা। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর উত্তরায় মোটরসাইকেলে এসে এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ মে) রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

গুলি করা চার তলা ওই বাড়িটির নাম ‘জান্নাত’। বাড়িটির মালিক আবুল কাশেম। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী, একেএসবি গ্রুপের এমডি।

এর আগে গত ১০ মার্চ সন্ধ্যায় একই বাড়িতে মোটরসাইকেলে এসে দুই হেলমেটধারী গুলি চালিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় উত্তরায় পশ্চিম থানায় একটি মামলা হয়েছিল।

গুলির বিষয়ে জানতে চাইলে ডিএমপির উত্তরা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) আরিফুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, বাড়ির মালিক ব্যবসায়ী ঢাকার বাইরে আছেন। আমরা ফোনে তার সঙ্গে যোগাযোগ করে গুলির কারণ জানার চেষ্টা করছি। সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরা দেখে গুলি চালানো দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছি।

বার বার গুলির কারণ প্রসঙ্গে জানতে চাইলে এসি আরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।