যাত্রাবাড়ীতে ৪০ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মোবাইল আনলক ও আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, মো. শাহজাহান (২৯), মাসুম হোসেন (২৪) ও মো. জাহেদ (২৫)।
ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ীর শেকদি বটতলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়। যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ডেস্কটপ সিপিইউ এবং মোবাইল ফোনের লক-আনলক ও আইএমইআই পরিবর্তনের কাজে ব্যবহৃত বিশেষ ডিভাইস জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, জব্দ হওয়া সরঞ্জামগুলো মোবাইল ফোনের লক খোলা ও আইএমইআই পরিবর্তনের কাজে ব্যবহৃত হতো।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।