logo
Advertisement

মিরপুরে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবক গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
মিরপুরে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবক গ্রেপ্তার
শিশু ধর্ষণে অভিযুক্ত সুমন। ছবি : শাহ আলী থানা থেকে নেওয়া

রাজধানীর মিরপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক প্রতীবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে শাহ আলী রয়েল সিটি পকেট গেট-সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী শুক্রবার (২৮ আগস্ট) সকালে সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রয়েল সিটি পকেট গেট-সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে বলে অভিযোগ রয়েছে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া অনুভূত হলে তার মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে শিশুটির মা বিষয়টি জানতে চাইলে শিশুটি জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিশুটির মা শাহ আলী থানায় একটি মামলা করেন। মামলার পর একই দিন রাত আনুমানিক ৮টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে তার বাসা থেকে গ্রেপ্তার করে শাহ আলী থানা পুলিশ।

উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।