logo
Advertisement

জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগে বদলে গেল মুনিমের জীবন

এশিয়া পোস্ট নিউজ
জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগে বদলে গেল মুনিমের জীবন
বাঁ থেকে ডিসি ফরিদা খানম, এম এম ইন্টারন্যাশনালের সিইও মশিউর রহমান ও আব্দুল্লাহ আল মুনিম। ছবি: সংগৃহীত

তিন মাসের কঠিন অসুস্থতা কাটিয়ে কর্মস্থলে ফিরলেও চাকরিচ্যুত হয়েছিলেন সাভারের ব্যাংক কলোনির বাসিন্দা মো. আব্দুল্লাহ আল মুনিম। তিন সন্তান ও পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে যান তিনি। তখন বড় আশা নিয়ে ঢাকার জেলা প্রশাসনের জনবান্ধব প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’তে আবেদন জানান তিনি।

Advertisement

আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ফরিদা খানমের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান মুনিম। আর সেই সাক্ষাতেই বদলে যায় তার জীবনের গল্প।

কাকতালীয়ভাবে একই সময়ে আগ্নেয়াস্ত্রের বিষয়ে সাক্ষাৎকারের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এম এম ইন্টারন্যাশনালের সিইও মশিউর রহমান। জেলা প্রশাসকের কক্ষে মুনিমের সঙ্গে কথা বলতে গিয়ে তার দীর্ঘদিনের কর্মঅভিজ্ঞতা, অসুস্থতা, চাকরি হারানো এবং পরিবার নিয়ে কঠিন বাস্তবতার কথা জানতে পারেন তিনি।

মুনিমের সংগ্রামের গল্প হৃদয় ছুঁয়ে যায় উদ্যোক্তা মশিউর রহমানের। কোনো আনুষ্ঠানিকতা বা দীর্ঘ প্রক্রিয়ায় না গিয়ে তাৎক্ষণিকভাবেই তিনি মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নিজের প্রতিষ্ঠান এম এম ইন্টারন্যাশনালে মুনিমকে উপযুক্ত পদে চাকরির প্রস্তাব দেন তিনি।

একজন শিল্পোদ্যোক্তার এমন তাৎক্ষণিক মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক ফরিদা খানম। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতেই মুনিমের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে মুনিমের চোখে-মুখে ফিরে আসে স্বস্তি ও আশার ছাপ।

এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষরা যদি মানবিক কাজে এগিয়ে আসেন, তাহলে অনেক মানুষের সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। শুধু সরকারি উদ্যোগ নয়, সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষের সহযোগিতাও অসহায় মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে।’