logo

জুয়ার কাজে অটোচালকের কাছে সিম ভাড়া, এজেন্ট গ্রেপ্তার

জুয়ার কাজে অটোচালকের কাছে সিম ভাড়া, এজেন্ট গ্রেপ্তার
মো. লিটন হাওলাদারকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় মো. লিটন হাওলাদার (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নিজের নামে নিবন্ধিত বিকাশ ও নগদের এজেন্ট সিম টাকার বিনিময়ে অনলাইন জুয়ার কাজে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিআইডি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩১ আগস্ট পল্টন মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় একটি মামলা করা হয়। মামলার তদন্তে এর আগে গ্রেপ্তার হওয়া শেখ সাখির আহম্মেদ (৩৩) আদালতে ১৪ জন দোকানদারের নাম প্রকাশ করেন। তাদের মধ্যে খুলনার বৈকালী এলাকার ‘লিটন টি স্টল’-এর এজেন্ট লিটন হাওলাদারের নামও ছিল।

তথ্য যাচাইয়ের পর গত ৪ নভেম্বর তাকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। জিজ্ঞাসাবাদে লিটন জানান, নিজের নামে নিবন্ধিত বিকাশ ও নগদের এজেন্ট সিম খুলনার বয়রা এলাকার অটোচালক হানিফের কাছে ১০ হাজার টাকায় তিন দিনের জন্য ভাড়া দিয়েছিলেন।

সিআইডির তথ্য অনুযায়ী, ওই সিমের বিকাশ অ্যাকাউন্টের লেনদেন পর্যালোচনায় দেখা যায়, ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত মাত্র তিন দিনে ২ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৮০১ টাকা অনলাইন জুয়ার সাইটে লেনদেন হয়েছে।

সাখির আহম্মেদের দেওয়া তথ্যের সঙ্গে লিটনের বক্তব্য ও লেনদেনের তথ্যের মিল পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি বিকাশ-নগদ এজেন্ট সিম জব্দ করা হয়েছে।

সিআইডি আরও জানায়, জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে নিজের নামে নিবন্ধিত এজেন্ট সিম অনলাইন জুয়ার কাজে ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন লিটন। এ ঘটনায় তার সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।