উল্টোপথে অটোরিকশা দেখে থামেন মোটরসাইকেল চালক, কাভার্ডভ্যানের ধাক্কায় গেল প্রাণ

রাজধানীর কদমতলীতে উল্টো পথে আসা অটোরিকশা দেখে মোটরসাইকেল থামাতেই পিছন থেকে দ্রুতগতির কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব (৪০) নামে আরও একজন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কদমতলী থানাধীন সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
আহত রাজিব জানান, তিনি ও আল আমিন ‘অনন্ত হাউজিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অফিস শেষে তারা মোটরসাইকেলে করে একসঙ্গে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সাদ্দাম মার্কেটের সামনে বিপরীত দিক থেকে একটি অটোরিকশা আসতে দেখলে তিনি মোটরসাইকেলের গতি কমান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহত আল আমিন বরগুনার আমতলী থানার উত্তর গজখালী গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। তিনি শ্যামপুর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং অনন্ত হাউজিং লিমিটেডে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার সাত মাস বয়সী একটি সন্তান রয়েছে।
আহত রাজিবকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


