মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধের পর চালু

এশিয়া পোস্ট নিউজ
মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধের পর চালু
পুরোনো ছবি।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে মেট্রোরেল বৈদ্যুতিক লাইনে একটি গ্যাস বেলুন আটকে যাওয়ায় ওই অংশে প্রায় ১৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলুনটি অপসারণের পর আবারও স্বাভাবিক হয়েছে মেট্রো চলাচল।

Advertisement

রোববার (২৮ জুন) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে গ্যাস বেলুন আটকে থাকার সংবাদ পাওয়া যায়। এর কিছুক্ষণ পরই শুরু হয় বেলুন অপসারণের কাজ।

জানা যায়, উড়ন্ত একটি গ্যাস বেলুন মেট্রোরেলের হাই-ভোল্টেজ তারে জড়িয়ে গেলে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন ঘটে। এতে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশ কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর মো. মাসুদ রানা বলেন, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। এরপরই বেলুন অপসারণের কাজ শুরু হয়।

সকাল ৭টার দিকে বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রো চলাচল শুরু হয় বলে জানান তিনি।